সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের মেঝেতে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৬৮৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ ঘটনায় খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
র্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাফলং থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য সিলেটের দিকে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাবের একটি দল।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর এলাকার সিলেটের মেইন গেটসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় হলুদ-নীল রঙের একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি খোরশেদ আলম সিলেটের জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম তার কাছে এসকাফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে ট্রাকের বডির ফ্লোরে বিশেষ কায়দায় তৈরি একটি গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ৬৮৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের মূল উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।