সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
রাজনগর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলায় সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ জগন্নাথপুরে চিকিৎসক সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় মোটরসাইকেল চোরাচালান, কুমিল্লায় ৯ জন গ্রেপ্তার সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন শাল্লায় নাছির উদ্দীনকে সংবর্ধনা, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ঘোষণা সোবহানীঘাটে ৯শ' পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক কুলাউড়ায় ১৩ ইউনিয়নের সম্ভাব্য বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শওকতুল ইসলামের মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলায় সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ

সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলার হিসেবে ওএমএসের চাল চুরি মামলায় সাজাভোগকারী এক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডিলারশিপের আবেদনে বাংলাবাজারে দোকানের ঠিকানা উল্লেখ করা হলেও সেখানে ওই নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর ব্যবসাপ্রতিষ্ঠান, ঠিকানা, পূর্বের রেকর্ড ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছেন।

জানা যায়, ২০২৫ সালের ২২ ডিসেম্বর টিসিবি ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সাতবাঁক ইউনিয়ন থেকে চারজন আবেদন করেন। তারা হলেন ভবানীগঞ্জ বাজারের আদিল ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী শাহাজাহান, মাসুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাঈল হোসেন, রাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মতিন এবং আলী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আলী।

আবেদনকারীদের মধ্যে আদিল ভেরাইটিজ স্টোর ছাড়া বাকি তিনটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা একই পরিবারের স্বজন বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার স্থানীয় বাংলাবাজারে সরেজমিনে গিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত আলী এন্টারপ্রাইজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাংলাবাজারে ‘আলী এন্টারপ্রাইজ’ নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান তারা চেনেন না।

স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদ আলী নামে ওই এলাকার একজন বর্তমানে কানাইঘাট বাজারে তার মামার দোকানে কাজ করেন। তাদের দাবি, টিসিবির ডিলার নিয়োগে আবেদন করে মনোনীত হওয়ার পরও বাংলাবাজারে বাস্তবে তার কোনো দোকান নেই।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, কাগজপত্রে ব্যবসাপ্রতিষ্ঠান দেখিয়ে টিসিবির ডিলারশিপ নেওয়ার জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী অতীতে ওএমএসের চাল চুরি সংক্রান্ত মামলায় সাজা ভোগ করেছেন। এমন একজন ব্যক্তিকে নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিতরণের দায়িত্বে টিসিবির ডিলার হিসেবে কীভাবে এবং কী ধরনের যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়রা বলেন, টিসিবির ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর প্রকৃত ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানের অবস্থান, ব্যবসায়িক সক্ষমতা, পূর্বের রেকর্ড এবং আবেদনপত্রে উল্লেখ করা তথ্য সরেজমিনে যাচাই করা জরুরি। বিশেষ করে সরকারি ভর্তুকিমূল্যের পণ্য বিতরণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের আগে সব তথ্য যাচাই-বাছাই করা প্রয়োজন।

এ বিষয়ে ভবানীগঞ্জ বাজারের আদিল ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী শাহাজাহান সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রকৃত ব্যবসাপ্রতিষ্ঠান ও আবেদনপত্রে দেওয়া ঠিকানা যাচাইসহ প্রয়োজনীয় তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মৌলভীবাজারের শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্তে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এই সম্পর্কিত আরো

রাজনগর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ

কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলায় সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ

জগন্নাথপুরে চিকিৎসক সংকটে কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় মোটরসাইকেল চোরাচালান, কুমিল্লায় ৯ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

শাল্লায় নাছির উদ্দীনকে সংবর্ধনা, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের ঘোষণা

সোবহানীঘাটে ৯শ' পিস ভারতীয় ক্রিমসহ যুবক আটক

কুলাউড়ায় ১৩ ইউনিয়নের সম্ভাব্য বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শওকতুল ইসলামের মতবিনিময়