মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান বলেছেন, শিক্ষার্থীদের মনে যদি বড় হওয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকে, তবে মহান আল্লাহ তাদের জন্য সাফল্যের পথ প্রশস্ত করে দেবেন। শিক্ষার্থীদের কেবল উচ্চশিক্ষিত নয়, বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডাক্তার, প্রকৌশলী ও ন্যায়বিচারক হওয়ার স্বপ্ন দেখার পাশাপাশি একজন আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল সোমবার দুপুরে সিলেটের ওসমানীনগরের শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত ২০২৬ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সংসদ সদস্যের নিজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে এমপি মাহফুজা সিদ্দিকা বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের প্রচেষ্টা প্রশংসনীয়। তবে মনে রাখতে হবে, ছেলে ও মেয়েকে সমান চোখে দেখতে হবে। মেয়েদের ঘরে বন্ধ করে রাখার দিন শেষ। বর্তমান সময়ে মেয়েরাই অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। দেশের বিশাল এই নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে পরিবার বা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বিদ্যালয় ভবনের উন্নয়নসহ যেসব দাবি আমার কাছে উত্থাপন করা হয়েছে, সুযোগ বুঝে আমি সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। পাশাপাশি জাতীয় পর্যায়ে সিলেটের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে আমি সচেষ্ট থাকব।

নিজের দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করে তিনি বলেন, আল্লাহ আমাকে যে পবিত্র আমানত ও সম্মান দিয়েছেন, তা যেন আমি শেষ পর্যন্ত ইমানের সাথে রক্ষা করতে পারি।

বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিকদার গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের পরিচালক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, বিশিষ্ট শিক্ষানুরাগী আনহার আহমদ, কামরুজ্জামান সিদ্দিকী খোকন, ম্যানেজিং কমিটির সদস্য শায়েস্তা মিয়া, ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের সভাপতি মো. আনোয়ার হোসেন, সমাজসেবক জাহেদ আহমদ, এ.এস.এম জাকারিয়া চৌধুরী, আব্দুল কাইয়ুম ও সিনিয়র শিক্ষক মিজানুর রহমান।

সহকারী শিক্ষক জালাল আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাদিজা আক্তার নুসরাত, ইকরা সিদ্দিকা ও সাদমান সাদী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এই সম্পর্কিত আরো