শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। একই সঙ্গে নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাবিপ্রবি আইন, ১৯৮৭-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, একই আইনের ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, উভয়ের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে সে পর্যন্ত কার্যকর থাকবে।