মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিনহাজুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) উপজেলার পশ্চিম ভাড়াউড়া রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। এ সময় কোনো আসামিকে আটক করা সম্ভব না হওয়ায় অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা।
অন্যদিকে, মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনার সময় বালু উত্তোলনরত অবস্থায় একজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি মো. ছাতির মিয়া (৩৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের বাসিন্দা এবং তাঁর পিতার নাম আব্দুল মালিক।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. ছাতির মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।