‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর এবং গীতা থেকে পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফুলরাণী ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন কুমার ধর।
অনুষ্ঠানে মৎস্য চাষে সফল উদ্যোক্তা হিসেবে দেওকলস ইউনিয়নের আবু বক্কর এবং শুঁটকি উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে লামাকাজী ইউনিয়নের জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির হাত থেকে তারা এ সম্মাননা গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদী বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি বলেন, মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।