সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে দিবালোকে অভিনব কায়দায় একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বোরকা পরিহিত এক নারী তার সঙ্গে থাকা শিশুকে ব্যবহার করে মাত্র ১০ মিনিটের মধ্যে দোকানের ক্যাশ থেকে ৯৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার দুপুরে সাচনা বাজারের ত্রিমুখী পয়েন্ট এলাকায় বীরেশ দেবনাথের ‘বন্ধন স্টোর’ নামের মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকান মালিক বীরেশ দেবনাথ জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলে ব্যবসা শুরু করেন। দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বোরকা পরিহিত এক নারী তার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে দোকানে আসেন। ওই নারী বিভিন্ন পণ্যের দামদর করতে থাকেন। একপর্যায়ে ময়দা দিতে বললে বীরেশ দেবনাথ ক্যাশ ছেড়ে দোকানের পেছনে গিয়ে ময়দা ওজন করতে থাকেন। এ সময় ওই নারীর সঙ্গে থাকা শিশুটি ক্যাশের পাশে খেলতে থাকে। ময়দা ওজন করার সময় শিশুটি ক্যাশের ড্রয়ার থেকে টাকার বান্ডিল নিয়ে নেয় বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়।
বীরেশ দেবনাথ বলেন, বিষয়টি বুঝতে পেরে তিনি ওই নারীর কাছে জানতে চাইলে নারীটি তার শিশুকে চড়-থাপ্পড় দিয়ে দোকান থেকে বের করে দেন। পরে তিনিও দ্রুত দোকান থেকে বের হয়ে যান। নারী ও শিশুটি চলে যাওয়ার পর ক্যাশ খুলে দেখা যায়, সেখানে রাখা ৯৮ হাজার টাকার একটি বান্ডিল নেই। পরে দোকানে একজনকে রেখে বীরেশ দেবনাথ ওই নারী ও শিশুটিকে খুঁজতে বের হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। এতে শিশুটিকে ক্যাশ থেকে টাকা নিতে দেখা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বীরেশ দেবনাথ জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, সাচনা বাজারের বন্ধন স্টোরে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজসহ একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।