সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার টুকেরবাজার পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।