দেশের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও অধিদপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের জুন পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলোতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
এসব পদে নিয়োগ দিতে বর্তমান সরকার ইতিমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদে নিয়োগের তথ্য পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্যপদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
সম্পূরক প্রশ্নে খায়রুল কবির খোকন বিগত সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার, দলীয় বিবেচনা, দুর্নীতি ও অন্যান্য অনৈতিক উপায়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের তদন্ত করে চিহ্নিত হলে তাঁদের বাদ দিয়ে শূন্যপদে যোগ্যদের নিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।
জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগগুলোর ক্ষেত্রে যেখানে অভিযোগ আসছে বা যেখানে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তখন সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের যেসব শূন্যপদ রয়েছে, সেগুলো পূরণ করা হচ্ছে। এ ধরনের ব্যবস্থা নেওয়ার ফলে যদি কোনো শূন্যপদের সৃষ্টি হয়, সেই শূন্যপদগুলোতেও অবশ্যই মেধা ও যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।
বিএনপির সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কোন শ্রেণির কতটি পদ শূন্য রয়েছে, তার তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী প্রথম শ্রেণির শূন্যপদে ৭৩ হাজার ৩৮০টি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ২৯ হাজার ২৪৬, তৃতীয় শ্রেণির ১ লাখ ৭৯ হাজার ৫৪২, চতুর্থ শ্রেণির ১ লাখ ৩৫ হাজার ৩৩৮ ও অন্যান্য পদে ৪ হাজার ৪১৬টি শূন্য রয়েছে।মতামত কলাম পড়ুন
এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্নে বলেন, ‘মাননীয় মন্ত্রী যে প্রশ্নের উত্তরটি দিলেন, আজ থেকে পাঁচ মাস ২২ দিন আগে, অর্থাৎ ১৮ মে তারিখে এই সরকারের তিন মাস বর্ষপূর্তিতে ঠিক একই উত্তর দিয়েছিলেন তৎকালীন সম্প্রচারমন্ত্রী। অর্থাৎ, গত পাঁচ মাস ২২ দিনে এই উত্তরের কিছুই পরিবর্তন হয়নি। মন্ত্রণালয় থেকে উত্তরটা লিখে দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রী এটাকে জাস্ট রিড আউট করেছেন। এই ৫ মাস ২২ দিনে কোনো নতুন নিয়োগ হয়েছে কি না বা কবে নাগাদ নিয়োগ হবে, এ ধরনের কোনো পরিকল্পনা এখানে নেই। মন্ত্রণালয় থেকে যে উত্তর দেওয়া হয়েছে, সে উত্তরটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে।
‘আমার প্রশ্ন হচ্ছে, বেকারত্ব নিরসনে নতুন কর্মচারী বা কর্মকর্তা নিয়োগের বিষয়ে সরকারের আসলেই কোনো বাস্তবসম্মত পরিকল্পনা আছে কি না? যদি থাকে, সেটা কী? আশা করি, মাননীয় মন্ত্রী এটি পড়ে শোনাবেন না। কারণ, এটি গত ৫ মাস ২২ দিন আগের উত্তর।’
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে উল্লেখ করা হয়েছে যে নিয়োগ কার্যক্রম চলছে। ছয় মাস পরপর এটিকে হালনাগাদ করা হয়। সারা দেশের সব বিভাগ ও দপ্তরে, জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এবং সরকারি কর্ম কমিশনে নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। আশা করছি, এ বছরের শেষ নাগাদ সব তথ্য একত্র করে জাতীয় সংসদকে অবহিত করা হবে যে, এই সময়ের মধ্যে কতগুলো নিয়োগ সম্পন্ন করেছি।’
সংরক্ষিত নারী আসনের এমপি নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নে জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দেশের সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক নিয়মেই গোয়েন্দা কার্যক্রম চলে এবং এটি চলমান। সেখানে কোনো অপরাধ সংঘটিত হলে বা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সরকার অবহিত হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবেই চলছে।
সংরক্ষিত আসনের নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে আব্দুল বারী জানান, জনপ্রশাসন ও এর আওতাধীন দপ্তর, সংস্থাসমূহে ছয় মাসে ২ হাজার ৮৭৯টি, এক বছরে ৪ হাজার ৪৪৯টি ও পাঁচ বছরে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।