মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী পেনাং অঙ্গরাজ্যের চিফ মিনিস্টার দ্য অনারেবল চাও কন ইয়েওর (Chow Kon Yeow) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পেনাংয়ের KOMTAR ভবনে চিফ মিনিস্টারের সরকারি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পেনাংয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। বিশেষ করে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এ সময় হাইকমিশনার বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষতা উন্নয়নের পাশাপাশি পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে পেনাংয়ের চিফ মিনিস্টারের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া পেনাং ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাংয়ের সরাসরি বিমান যোগাযোগ চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও আন্তঃসংযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে পর্যটন খাতে, বিশেষ করে স্বাস্থ্য পর্যটনে বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে যোগাযোগব্যবস্থা (কানেক্টিভিটি) বৃদ্ধির পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।