শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে মানবপাচার চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি, প্রতিরাতে ৩০-৩৫ জন পাচারের অভিযোগ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানবপাচার চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিরাতে সীমান্তবর্তী বিভিন্ন রুট ব্যবহার করে ৩০ থেকে ৩৫ জন মানুষকে অবৈধভাবে পাচার করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রতিটি ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে একটি সংঘবদ্ধ চক্র এই অপরাধ পরিচালনা করছে। পাচারের শিকারদের মধ্যে নারী, পুরুষ ও তরুণদের সংখ্যাই বেশি। সম্প্রতি পাচারের অপেক্ষায় থাকা কয়েকজন নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নলজুরি, আমস্বপ্ন, খাসিহাওড়, গোয়াবাড়ি ও ডিবির হাওর এলাকা দিয়ে নিয়মিতভাবে এসব পাচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তঘেঁষা হওয়ায় পাচারকারীরা সহজেই এসব রুট ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, এই পাচার কার্যক্রমের সঙ্গে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট জড়িত। অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— সাদ্দাম, মশারফ, আলাউদ্দিন, শাহাবুদ্দিন, ফয়ছাল, মুনছুর, ময়নুল, আজিদ, নির্মল, রহমান, আব্দুল্লাহ, তাজেল, শাকিল ও সুমন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) ওসমান গনি জানান, মানবপাচার চক্রের সন্ধানে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। প্রতিদিন রাতেই সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সচেতন মহল মনে করছে, মানবপাচারের মতো গুরুতর অপরাধ বন্ধে দ্রুত তদন্ত, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

এই সম্পর্কিত আরো