জামালগঞ্জে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আয়োজনে উত্তর কামলাবাজ অটো রাইস মিল সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হক। সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খান।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাস।
তিনি বলেন, হাওরাঞ্চলের মানুষ প্রতিবছর নানা দুর্ভোগের শিকার হন—অকাল বন্যা, ফসলহানি ও অব্যবস্থাপনার কারণে কৃষকের ঘাম মাটিতে মিশে যায়। এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ন্যায়বিচার, সাম্য ও মানবকল্যাণ নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই সকলকে অন্যায়, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, আব্দুল মোহিদ, সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তব্য শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় হাওরাঞ্চলের কৃষকদের ফসল রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং দেশের সর্বস্তরে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।