সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর উন্নয়ন ভাবনা বাস্তবায়ন করে একটি আধুনিক ও সমৃদ্ধ বিশ্বনাথ-ওসমানীনগর গড়ে তুলতে তিনি কাজ করছেন। এ লক্ষ্যে সাংবাদিকসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
বুধবার (১৮ মার্চ) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘ঈদ উৎসব ২০২৬’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর আরও বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত প্রকাশনার মাধ্যমে এলাকার গুণীজনদের তুলে ধরছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরণ। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শেষপর্বে সংসদ সদস্য তাহসিনা রুশদীর ‘ঈদ উৎসব ২০২৬’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। পরে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।