দেশব্যাপি খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জেও খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৬ মার্চ) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হরিরামপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নদী-নালা ও খাল পুনঃখননের এই কর্মসূচি ঘোষণা করে গেছেন। ইনশাআল্লাহ জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি আবারও দেশব্যাপি বাস্তবায়ন করছেন।
তিনি বলেন, দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জেও আজকে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন হলো। খাল খনন পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরণের রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনসহ অনেক ক্ষেত্রে বন্যাও প্রতিরোধ করা যায়। পরিবেশবান্ধব এই কর্মসূচি দেশের প্রেক্ষাপটে প্রয়োজনীয় ও যৌক্তিক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, যে কোনো দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট। স্বাভাবিকভাবে এটা জনগণের সরকার। জনগণের টাকা যারা অপব্যবহার করবে, দুর্নীতি করবে এই সরকার কঠোর ব্যবস্থা নেবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।