বানিয়াচং সদরের কুতুবখানী মহল্লা থেকে চুরির অভিযোগে রেজওয়ান আহমেদ টারজান(১৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত টারজান আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। ১৫ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটায় টারজানকে বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় সদরের ছিলাপাঞ্জা গ্রামের সামাদুর রহমান জুলহাস বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত টারজান যাতায়াত ব্যবস্থার অসুবিধা দেখিয়ে বাদীর বাড়িতে রাত্রি যাপন করার অনুরুধ করলে বাদী টারজানকে তার ঘরে থাকার ব্যবস্থা করে দেন। গভীর রাতে সুযোগ বুঝে বিবাদী ঘরের মালামাল ও ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা সহ দরজা খুলে পালিয়ে যান। পালিয়ে যাবার সময় সদরের কুতুবখানী মহল্লায় এই যুবকের গতিবিধি কিছু লোকজনের সন্দেহ হলে জনতা তাকে আটক করে ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের বাড়িতে নিয়ে যায়। আটক যুবকের সাথে কথা বলে চুরির সংশ্লিষ্টতার প্রমান পাওয়ায় টারজানকে পুলিশ হেফাজতে দেয়া হয়।
এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুরির ঘটনায় মামলা হয়েছে। আটককৃত টারজানকে সোমবার দুপুরে ফো:কা:বিধি৩৮০/৪৬১ ধারায় আদালতে প্রেরন করা হয়েছে বলে ও জানান তিনি।