সুনামগঞ্জে টানা দুই দিনের প্রচুর শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে হাওরপাড়ের কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকেই বলছেন, গত কয়েক বছরের মধ্যে এত তীব্র শিলাবৃষ্টি দেখেননি তাঁরা।
শনিবার (১৪ মার্চ) রাত ও রবিবার (১৫ মার্চ) ভোরে জেলার সদর উপজেলা, দিরাই, শাল্লা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হাওরপাড়ের কৃষকদের ভাষ্য, গত কয়েক বছরের মধ্যে এমন ভারি শিলাবৃষ্টি দেখা যায়নি। এভাবে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি অব্যাহত থাকলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সদর উপজেলার দেখার হাওরসহ কয়েকটি হাওর এলাকা ঘুরে দেখা গেছে, ধানগাছে শিষ আসতে শুরু করেছে। অনেক স্থানে ঝড়ের প্রভাবে ধানগাছ নুয়ে পড়েছে। এ সময় ঝড় বা শিলাবৃষ্টি বেড়ে গেলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ফলে হাওরপাড়ের কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, জেলার পাঁচটি উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত ধানের তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কৃষি বিভাগ সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছে এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলার ১৩৭টি হাওরে প্রায় ১০ লাখ কৃষক দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন।