সিলেটের সাবেক ও বর্তমান সংস্কৃতিকর্মীদের এক মিলনমেলা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৩ই মার্চ ২০২৬ইং (শুক্রবার) বিকেলে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সংগঠক সানাউল ইসলাম সুয়েজের সভাপতিত্বে এবং রাজীব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হেলাল আহমদ মুক্ত।
ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, আলিফ নূর, মাজেদ মাহফুজ, আব্দুল্লাহ এ মাসুম, হাদিুন নয়ন চৌধুরী নাহিয়ান, জালাল আহমেদ এবং এমরান হোসেনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, "রমজান মাস আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। সমাজে নৈতিকতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
বক্তারা সুস্থ সংস্কৃতির এই ধারাকে বেগবান ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিলে সিলেটের একঝাঁক প্রতিভাবান সংস্কৃতিকর্মী ইসলামী সংগীত পরিবেশন করেন। সংগীত পর্বে অংশ নেন রাশেদ, আরজু, ফয়সল, ফাহিম, আমিনুল, সাদেক, শামিম, কামরুল, কুতুব ও আহবাব।
ইফতার ও মাগরিবের নামাজ শেষে উপস্থিত শিল্পীদের নিয়ে এক প্রাণবন্ত আড্ডা, চা-চক্র এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।