পবিত্র মাহে রমজান উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের ব্যতিক্রমী উদ্যোগে মাদরাসার শতাধিক শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম জামেয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক তাজবীর আহমদ ছাইম ও এহসান খোকন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম সাজু এবং দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী ও মাদরাসার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিয়ানীবাজার প্রেসক্লাব সবসময় সচেষ্ট থাকবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুদ্দীন।