বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পরকিয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পরকিয়ার জেরে রিপন মিয়া (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার (১০ মার্চ) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজি অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশ থেকে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন মিয়া নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, আলীনগর গ্রামের জমসেদ আলীর ছেলে সাকিব আহমদ নিহত রিপন মিয়ার সিএনজি অটোরিকশার চালক ছিলেন। সে সুবাদে তার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে রিপনের স্ত্রীর সঙ্গে সাকিবের পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রিপন ও সাকিবের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।

স্থানীয়দের দাবি, ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিল, যাতে তাকে কেউ সন্দেহ না করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো