পবিত্র মাহে রমজান উপলক্ষে বিয়ানীবাজারে ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারী ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের বিভিন্ন স্থানে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সদস্যরা পথচারী ও অসহায় রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। পরে সন্ধ্যায় পৌর শহরে সংগঠনের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পার্থ পাল দিপকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ গণি, গভর্নিং বডির চেয়ারম্যান আহমদ হোসেন খান, সহ-সভাপতি আহমদ রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আফজালুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সমাজসেবা সম্পাদক জুনেদ আহমদ এবং স্পর্শের পৌর কমিটির সভাপতি আব্দুর রহমান হামিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সংগঠনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে স্পর্শ সোস্যাল মিডিয়া বিয়ানীবাজারে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে স্থানীয় মানুষের প্রশংসা অর্জন করে আসছে।