পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের ১০ হাজার ৭৭৮ জন কার্ডধারীর জন্য মোট ১০৭ দশমিক ৭৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় সাচনা বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুননূর।
সাচনা বাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার শাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া আহমদ, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুননূর বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে ১ হাজার ১৫১টি কার্ডের বিপরীতে ১১ দশমিক ৫১০ মেট্রিক টন, সদর ইউনিয়নে ২ হাজার ১৬টি কার্ডে ২০ দশমিক ১৬০ মেট্রিক টন, ফেনারবাক ইউনিয়নে ২ হাজার ২৫৬টি কার্ডে ২২ দশমিক ৫৬০ মেট্রিক টন, সাচনা বাজার ইউনিয়নে ১ হাজার ৬৬০টি কার্ডে ১৬ দশমিক ৬০০ মেট্রিক টন, ভীমখালি ইউনিয়নে ২ হাজার ১২৯টি কার্ডে ২১ দশমিক ২৯০ মেট্রিক টন এবং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ১ হাজার ৫৫৬টি কার্ডে ১৫ দশমিক ৫৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।