ঐতিহ্যবাহী বাসিয়া নদী রক্ষায় সরকারদলীয় নেতাকর্মীদের নিজ দখলে থাকা অবৈধ স্থাপনা নিজ খরচে উচ্ছেদ করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন মুহাম্মদ মুনতাছির আলী।
রোববার (৮ মার্চ) বিশ্বনাথ উপজেলা পৌর শহরের নতুনবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাসিয়া নদীকে রক্ষা করতে হলে আগে সরকারদলীয় নেতাকর্মীদের নিজেদের দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো নিজ খরচে উচ্ছেদ করতে হবে। তাহলে জনগণ বুঝতে পারবে যে সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে।
মুনতাছির আলী আরও বলেন, বিশ্বনাথে পৌরসভা রয়েছে এবং পৌরবাসী নিয়মিত কর পরিশোধ করছেন। কিন্তু সেই ট্যাক্সের টাকা কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে—এ বিষয়ে জনগণকে অবহিত করা হচ্ছে না।
তিনি জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন প্রসঙ্গে বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দেশের জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে মত প্রকাশ করেছেন। বিএনপিও ভোট গ্রহণের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কিন্তু নির্বাচনের পর বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জুলাই সনদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এতে জনরায় উপেক্ষিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান ও উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি ফয়জুল ইসলাম।
এ সময় খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।