সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাপুর গ্রামের আব্দুল গনি চৌধুরীর পরিত্যক্ত রাইস মিলের সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম ভীমখালি ইউনিয়নের মানিগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া ও তার সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।