সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছন বাহার গ্রামে শনিবার (৭ মার্চ) সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে হাছন বাহার গ্রামের সামছুল ও উস্তার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। শুক্রবার কিশোরদের ক্রিকেট খেলার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে; সামছুল গ্রুপের কিছু লোকজন উস্তার গ্রুপের বাড়িঘরে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লুটপাট চালায়। সকাল থেকে কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইপক্ষের বিরোধ নিষ্পত্তি করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, “কিশোরদের ক্রিকেট খেলার বিরোধে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়পক্ষের মধ্যে বিষয়টি সমাধান করা হয়েছে।”