সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) তাঁর রাজনৈতিক কার্যালয়ে আয়োজন করা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুফাসসির আহমদ রিয়াদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, “পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার জন্য রমজানের শিক্ষাকে ধারণ করা প্রয়োজন।”
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া এবং শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. ফরিদুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন বীরগাঁও গ্রামের সলিবনুর বাচ্চু, গাজীনগর গ্রামের জিয়াউর রহমান, শান্তিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন আহমদ, জামলাবাদ গ্রামের আব্দুল লতিফ, আসামমোড়া গ্রামের রুকন মিয়া এবং বীরগাঁও গ্রামের নাজমুল হকসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে দেশের সার্বিক মঙ্গল ও জাতির কল্যাণ কামনা করেন।