সিলেটের কোম্পানীগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক লিটন মাহমুদ খানের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার টুকেরবাজার পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা সাংবাদিক লিটনের মুক্তি দাবি করেন এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার জুলাই আন্দোলনের অগ্রসৈনিক সাংবাদিক লিটন দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সোচ্চার থেকেছে।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলম ভোলাগঞ্জ বাজার থেকে নিজস্ব গাড়িতে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে চালক জুনায়েদকে নিয়ে সিলেট শহরের দিকে রওনা হন। পথে ভোলাগঞ্জ থেকে বের হওয়ার সময় তার সঙ্গে সাংবাদিক লিটনের দেখা হয়। পরিচিত হওয়ায় শহরে জরুরি কাজ থাকায় ওই গাড়িতে ওঠেন সাংবাদিক লিটন।
পরে উপজেলার পাড়ুয়া এলাকায় সংঘর্ষের খবর পেয়ে এসআই কামরুল মাঝপথে নেমে যান। এরপর চালক জুনায়েদ গাড়ি নিয়ে সিলেটের দিকে রওনা দেন। এসময় গাড়িতে বসা ছিলেন লিটন। একপর্যায়ে বিমানবন্দর থানার বাইপাস চেকপোস্টে তল্লাশির সময় ওয়াকিটকি ও কুড়ালসহ তাদের আটক করা হয়।
বক্তারা দাবি করেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি, ওয়াকিটকি ও কুড়ালের মালিকানা স্বীকার করেন এসআই কামরুল আলম। কিন্তু মহানগর পুলিশ তাকে আটক বা প্রধান আসামি না করে সাংবাদিক লিটন মিয়া ও চালক জুনায়েদকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক দেখিয়ে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে জেলহাজতে পাঠিয়েছে।
তারা অবিলম্বে সাংবাদিক লিটনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সুষ্ঠু তদন্ত এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন ও মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল ও তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শের তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রণিখাই ইউপির প্যানেল চেয়ারম্যান-২ নুরুল আমিন, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব সোহেল মাহমুদ, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব খালেকুজ্জামান, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সভাপতি এহসানুল মাহবুব, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, মাওলানা আনোয়ার শাহ, ব্যবসায়ী আব্দুল মজিদ, আনসার উদ্দিন জিলানী, মুহিম আহমদ, মুর্শেদ আলম, জালাল আহমদ, ইসমাইল, নাসির উদ্দিন, শিব্বির আহমদসহ আরও অনেকে।