বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

মৌলভীবাজারের কুলাউড়ায় জিলাপিতে নিষিদ্ধ উপাদান ব্যবহার, পোড়া তেলে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রবিরবাজার এলাকার মধ্য রবিরবাজার ও কর্মধা রোডসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। এ সময় তাকে সহযোগিতা করেন র‍্যাব-৯-এর সদস্যরা।

অভিযান চলাকালে জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ মিশ্রণ, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেল দিয়ে খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায় বলে জানান সহকারী পরিচালক মো. আল আমিন।

এসব অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টি ঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এছাড়া গুরুতর অনিয়মের কারণে ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল সাময়িকভাবে সিলগালা করা হয়েছে বলে জানানো হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো