মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটির ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম শাহজালাল।
গত ২৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৪) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জানা গেছে, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে সদ্য সরকারিকৃত কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আলাউদ্দিন খান অবসর গ্রহণ করায় অধ্যক্ষ পদটি শূন্য হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের ৩৭.০০.০০০০.০৭০.০০২.০০৪.২০১৮-৮৮ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও আর্থিক ক্ষমতা প্রয়োগের অনুমতিসহ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক এ কে এম শাহজালালকে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, কলেজ সরকারিকরণের আগে ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এ কে এম শাহজালাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক এ কে এম শাহজালাল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এ কে এম ইউছুফের চতুর্থ সন্তান। মরহুম ইউছুফ সাহেব ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয় এবং ইউছুফ তৈয়বুন মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ছিলেন।