রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে বিএনপি, জমিয়ত ও গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় জনাব আলী সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। বক্তব্যের শুরুতে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের ভালোবাসা ও সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি, তাই আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করবো।” তিনি আরও জানান, দলের ঘোষিত আট দফা কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। ঈদের আগে পাইলটিং কর্মসূচির আওতায় কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সম্মানী প্রদান এবং সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ইফতারপূর্ব আলোচনায় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ (লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৭ বছর আমরা পঞ্চাশ জন লোক একত্রে বসতে পারিনি। স্বৈরাচারী শাসনের কারণে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা হাজার হাজার মানুষ একত্রিত হতে পেরেছি।”

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রগঠনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকবাল হোসাইন। মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফি।

এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ কয়েক সহস্রাধিক মানুষ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো