রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পানিসম্পদ মন্ত্রী

হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম বরদাশত করা হবে না

হাওররক্ষা বাঁধ নির্মাণ ও নদী খনন কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে চলমান প্রকল্পগুলোর কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি আরও বাড়ানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সিলেটের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে সিলেট অঞ্চলে প্রতিবছরই উজান থেকে পাহাড়ি ঢল নামে। এর ফলে সৃষ্ট বন্যা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমানে বেশ কিছু প্রকল্প চলমান আছে এবং নতুন আরও কিছু বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বিশেষ করে নদী ও খাল খনন এবং হাওররক্ষা বাঁধের কাজে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

দেশের বর্তমান পরিস্থিতি ও দুর্নীতি রোধে সরকারের অবস্থান পরিষ্কার করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদের সরকার অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অতীতে এদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার হয়ে গেছে এবং দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের সমাজকে আঁকড়ে ধরেছিল। তাই দেশকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করা আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হলেও আমরা তা মোকাবিলায় বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো