রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

উত্তপ্ত বালাগঞ্জের বোয়ালজুড় বাজার, সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল কর্মীর

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারে মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল আলী বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠিয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে নিহতের বড় ভাই মামুনের সঙ্গে অপর পক্ষের ছাত্রদল কর্মী হাসানের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন সময়ে বাকবিতণ্ডা ও হামলার অভিযোগ ওঠে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ইসমাইল গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাজার কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ঘটনাটি রাজনৈতিক নয়। বাজারের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো