রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে আদালতের নির্দেশে ফাঁকা চেক উদ্ধার, স্বস্তি বাদীপক্ষের

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি ক্রয়সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নির্দেশে থানা পুলিশের অভিযানে একটি বিতর্কিত ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে। আদালতে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের এ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন বাদীপক্ষ।

মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা জর্জিনা আক্তার জমি ক্রয়ের জামানত হিসেবে পাঁচ লাখ টাকা মূল্য নির্ধারণ করে একই গ্রামের সুহেল রানার স্ত্রী রুকশানা আক্তারের কাছে একটি ফাঁকা চেক প্রদান করেন। পরবর্তীতে গত বছরের ৮ ডিসেম্বর রুকশানা আক্তারের ব্যাংক হিসাবে পূর্ণ পাঁচ লাখ টাকা জমা দিলেও সংশ্লিষ্ট জামানতের চেকটি ফেরত পাননি বলে অভিযোগ করেন জর্জিনা আক্তার। পাশাপাশি জমি রেজিস্ট্রির বিষয়েও টালবাহানা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, চেক ফেরত চাওয়ায় বিবাদীপক্ষ তা দিতে অস্বীকৃতি জানিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং ভবিষ্যতে বড় অঙ্কের অর্থ বসিয়ে মামলা করার হুমকি দেন। সম্ভাব্য আর্থিক ক্ষতির আশঙ্কায় তিনি ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারায় আদালতে চেক উদ্ধারের আবেদন করেন।

আবেদনের পর আদালত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে জামালগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। অভিযানে বিবাদীপক্ষের বসতবাড়ি থেকে সংশ্লিষ্ট চেকটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ জানান, উদ্ধারকৃত চেকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আগামীকাল তা আদালতে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আদালতের নির্দেশে চেক উদ্ধারের ঘটনায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো