সিলেটের জকিগঞ্জ–কানাইঘাট সড়ক এলাকায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
শুক্রবার উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় একটি বাংলালিংক টাওয়ারের পাশ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সড়কের পাশের নির্জন স্থানে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে তার হাত-পা ও মুখের বাঁধন খুলে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
উদ্ধারের পর তাকে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি স্পষ্টভাবে কথা বলতে পারছেন না এবং অসুস্থতার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর ওই স্থানে ফেলে রেখে গেছে।
এদিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করেছেন। পরিবারের সন্ধান পেতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।