সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র্যাব-৯ের যৌথ তল্লাশি অভিযান বুধবার বিকাল ৩টায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলা বাজার এলাকার একটি পরিত্যক্ত যাত্রী ছাউনিতে পরিচালিত হয়। সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২ কিলোমিটার দেশের অভ্যন্তরে এই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে উদ্ধার করা হয়:
৬০টি বিস্ফোরক পাওয়ার জেল,
২৮টি ইলেকট্রিক ডেটোনেটর,
১৬টি ককটেল সদৃশ্য লাল কোটা।
লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি, জকিগঞ্জ ব্যাটালিয়ন কমান্ডার, জানান, দেশে স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সকল ধরনের চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত অভিযান পরিচালনার কারণে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে।