বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, পবিত্র রমজান মাস আমাদের জীবনের পরিশুদ্ধির বার্তা নিয়ে আগমন করে। এ মাস ধনী-গরিবের মাঝে সমতা, ভ্রাতৃত্ব ও মানবিক বন্ধনের শিক্ষা দেয়। আমরা সবাই যে একই আদম সন্তানের অংশ—রমজান তা গভীরভাবে উপলব্ধি করায়।
তিনি বলেন, রমজানে সবাই একই বিধান পালন করি, একসঙ্গে সিয়াম সাধনা করি এবং পারস্পরিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। সাম্য, সামাজিক ঐক্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের সিয়ামে রয়েছে এক অনন্য দিকনির্দেশনা। রোজা পালনের মাধ্যমে আত্মসংযম, সহমর্মিতা ও উত্তম চরিত্র গঠনের চমৎকার শিক্ষা অর্জন করা যায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বরুনী লুৎফুর রহমান খানের বাড়িতে অনুষ্ঠিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বশরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
এছাড়া বক্তব্য দেন দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি শামীম আহমদ ও হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ গোলাম কিবরিয়া।