সিলেটের বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-২ এর যৌথ অভিযানে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার ডেমরা থানাধীন শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুল আহমদ (৩২)। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম গ্রামে।
র্যাব-৯ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত আবুল আহমদ সম্পর্কে তার মামা হন।
গত ২৪ সেপ্টেম্বর বিকালে শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত তার ঘরে প্রবেশ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পেরে তাকে চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি ও র্যাব-২, সিপিসি-৩, আগারগাঁও ক্যাম্পের যৌথ দল ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।