তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে বোরো ধানের বীজ বপন কাজ শুরু হয়েছে। এ বছর হাওরের পানি আগাম কমে যাওয়ার কারণে কৃষকরা চিন্তিত রয়েছেন। শনির হাওর, মাটিয়ান হাওর,মহালিয়া,হাওর সহ উপজেলার সবকটি হাওরপাড়ের কৃষকরা জানিয়েছেন বিগত বছরগুলোতে কার্তিক মাসের ২৫ তারিখ থেকে বীজ ধান বুননের কাজ শুরু হয়েছিল। এ বছর কার্তিকের শুরু থেকেই বীজ ধান বপনের কাজ শুরু হয়েছে। সে লক্ষে কৃষকরা বীজ ধানের দোকানে বীজধান কিনতে গিয়ে ভিড় করছেন।
বীজ ধান কিনতে আসা ভাটি তাহিরপুর গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, বিগত বছর ব্র্যাক বীজ শক্তি-২ ও ৭৭৭ বীজ কিনে ক্ষতিগ্রস্ত হয়েছি। ধান বিক্রি করতে গেলে পাইকাররা বলে শক্তি-২ ও ৭৭৭ বীজের ধানের চাল অপুষ্ট থাকে। মেশিনে ধান ভাঙ্গালে চাল গুরু হয়ে যায় সে জন্য বেপারিরা শক্তি-২ ও ৭৭৭ বীজের ধান কিনতে চায় না। কিশোরগঞ্জ থেকে হাওরাঞ্চলে আসা ধানের বেপারী(ক্রেতা) মোশাররফ হোসেন বলেন, অন্যান্য ধান থেকে শক্তি-২ ও ৭৭৭ বীজের ধান প্রতি মনে দের থেকে দুইশত টাকা কম দিয়ে ক্রয় করে থাকি। কারন হিসাবে জানতে চাইলে তিনি জানান,অন্যান্য ধানের চেয়ে প্রতি মনে চাল তুলনামূলক কম হয়। সেজন্যই শক্তি-২ ও ৭৭৭ বীজের ধান তারা কিনতে আগ্রহী নন।
তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ুন কবির বলেন, এবছর কৃষকরা সিনজেনটা কোম্পানির ১২০৩,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বি এডিসি) বীজ ব্রি হাইব্রিড ধান -৮,ন্যশনাল এগ্রিকেয়ার লিমিটেড এর জনক রাজ, ব্রাক ব্রীজ শক্তি- ৩,এসিআই সীড বন্ধু, ব্রি ৬৭ ও বিএডিসি'র ব্রি ধান ৯২ এর বীজ ধান কৃষকরা ধুম কিনছেন। তবে এবছর কৃষকরা ব্র্যা বীজ শক্তি-২ ও ৭৭৭ বীজ ধান একেবারেই কিনছেন না। তিনি আরো জানান, বিক্রিত বীজের মধ্যে এবার সিনজেনটা কোম্পানির ১২০৩ বীজ ধানের বেশী চাহিদা রয়েছে কৃষকদের কাছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, হাওরে বোরো ধানের ভালো ফলন পেতে সময়মতো বীজ বপন ও সঠিক জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের জমির ধরন, হাওরের পানি নিষ্কাশনের সময় এবং স্থানীয় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চফলনশীল ও উপযোগী জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। বীজ বপনের আগে বীজ শোধন, মানসম্মত বীজ ব্যবহার এবং সঠিক নিয়মে বীজতলা তৈরি করতে হবে। কোনো জাতের বীজ কেনার আগে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানাচ্ছি। বোরো মৌসুমে কৃষকদের ভালো ফলন নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।