সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৫টি ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪টি নিভিয়া লোশন জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
এ ছাড়া একই দিন ডোনা বিওপির একটি টহলদল উপজেলার মিকিরপাড়া সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে।
এর আগে শুক্রবার সোনাতনপুঞ্জি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা-পাতা জব্দ করে সুরাইঘাট বিওপি।
বিজিবি জানায়, গত দুই দিনে কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।