সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারে মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অবৈধভাবে প্রেসক্রিপশন করার দায়ে দুটি প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সুহাস মেডিসিন কর্নারের মালিক মো. জুবায়েদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে প্রেসক্রিপশন করার দায়ে মন্টি মেডিকেল হলের সঙ্গে সংশ্লিষ্ট পল্লী চিকিৎসক মোবারক হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।