আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের আগুন নেভানোর কৌশল, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতার গুরুত্ব সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী, ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহড়ায় ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়, কীভাবে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় এবং অগ্নিকাণ্ডের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়—এসব বিষয় হাতে-কলমে প্রদর্শন করে।
এ সময় শিক্ষার্থীরা আগুন নেভানোর বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। পাশাপাশি ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদে পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কেও তাদের সচেতন করা হয়।