প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও প্রকাশের অভিযোগে মৌলভীবাজারে মামুন খান (নামীয় টিকটক আইডি ‘মামুন খান ০৭’) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মামুন ওই এলাকার নিজাম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত দুই-তিন দিন ধরে মামুন তার টিকটক আইডিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করে ভিডিও তৈরি ও পোস্ট করে আসছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা ও নিন্দা শুরু হয়।
পুলিশ আরও জানায়, মামুনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় পূর্বের একটি মারামারির ঘটনায় লিখিত অভিযোগ রয়েছে।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মামুন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছেন বলে আমরা মনে করছি। এর পেছনে কোনো দুষ্কৃতিকারী চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’