সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬ ঘিরে যুক্তরাজ্যে প্রচার-প্রচারণা জমে উঠেছে। আগামী ১৮ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এ নির্বাচন।
নির্বাচন পরিচালনার জন্য বিচারক বেলায়েত হোসেন, এ কে এম ইয়াহইয়া, অধ্যাপক নুরুল ইসলাম, আবুল কাহার আলী ও অধ্যাপক আব্দুল মতিনকে নিয়ে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এবারের নির্বাচনে ৮০৮ জন ট্রাস্টি ভোটাধিকার প্রয়োগ করবেন।
১৭টি পদে দুটি প্যানেলের মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো—‘মিছবাহ-মোহাব্বত-নেছার’ ও ‘গোলজার-কুদ্দুছ-মনির’। উভয় প্যানেলেই নবীন-প্রবীণ ও অভিজ্ঞদের সমন্বয়ে প্রার্থী দেওয়া হয়েছে।
প্রার্থীরা নিজ নিজ প্যানেলের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা। প্রচারণায় প্রার্থীদের পাশাপাশি সিনিয়র ট্রাস্টিরাও অংশ নিচ্ছেন।
এবারের নির্বাচনে প্যানেলের নির্ধারিত প্রতীক না থাকায় ট্রাস্টিরা দুই প্যানেল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। গত নির্বাচনেও দুটি প্যানেল অংশ নিয়েছিল। সে নির্বাচনে একটি প্যানেল থেকে ১০ জন এবং অপর প্যানেল থেকে সাতজন প্রার্থী বিজয়ী হন।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট শিক্ষা বিস্তারে কাজ করে আসছে। সংগঠনটির দাবি, বর্তমানে প্রায় ১২ কোটি টাকার স্থায়ী মূলধনের মুনাফা দিয়ে গত ৩২ বছর ধরে বিশ্বনাথের শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দুই প্যানেলের প্রার্থী
‘মিছবাহ-মোহাব্বত-নেছার’ প্যানেলে চেয়ারপার্সন পদে মিছবাহ উদ্দিন, ভাইস-চেয়ারপার্সন পদে মো. আজম খান ও আখলাকুর রহমান, জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মোহাব্বত শেখ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আব্দুর রহিম রঞ্জু ও নূরুল আলম নাহিন, ট্রেজারার পদে নেছার আলী লিলু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদে আবুল হোসেন মামুন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে মোহাম্মদ দৌলত হোসেন এবং কালচারাল সেক্রেটারি পদে আব্দুর রব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ প্যানেলের ইসি সদস্য পদপ্রার্থীরা হলেন—শামীম আহমদ, আব্দুল বাছিত রফি, আমিনুর রহমান, রুহেল মিয়া, মুহিত মিয়া, মো. কামরুজ্জামান ও আব্দুল হামিদ।
‘গোলজার-কুদ্দুছ-মনির’ প্যানেলে চেয়ারপার্সন পদে গোলজার খান, ভাইস-চেয়ারপার্সন পদে অধ্যাপক ফরিদ আহমদ ও কবির মিয়া, জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কুদ্দুছ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম, ট্রেজারার পদে মনির আহমদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদে তোফাজ্জুল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে খালেদ মাসুদ রনি এবং কালচারাল সেক্রেটারি পদে মদরিছ আলী মফজ্জুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ প্যানেলের ইসি সদস্য পদপ্রার্থীরা হলেন—আজিজুর রহমান খান রাজু, গোলজার আহমদ ফয়ছল, মহি উদ্দিন পলাশ, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নুর।
চেয়ারপার্সন পদপ্রার্থী মিছবাহ উদ্দিন বলেন, নির্বাচিত হলে বিশ্বনাথে একটি বিশ্বমানের স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।
চেয়ারপার্সন পদপ্রার্থী গোলজার খান বলেন, নির্বাচিত হলে বিশ্বনাথে শিক্ষার প্রসার এবং বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য কাজ করবেন।
জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ মোহাব্বত শেখ বলেন, নির্বাচিত হলে পরীক্ষার ফলাফল উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।
অপর জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন, ট্রাস্টের গৌরবময় ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে শিক্ষার উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করবেন।