সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবন-জীবিকা সচল ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার দুটি ইউনিয়নের ৩২০ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনারবাক ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এতে মোট ৩২০ পরিবারের মধ্যে ৩২ লাখ টাকা বিতরণ করা হয়।
কারিতাস বাংলাদেশের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। স্বাগত বক্তব্য দেন কারিতাসের আঞ্চলিক কর্মকর্তা ডেন্সিল পডুয়েং। এ সময় জনপ্রতিনিধি, কারিতাসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, চলতি বোর মৌসুমে পরপর দুই দফা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে সহায়তার জন্য তালিকা প্রস্তুত করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পাড়া কার্বারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এলাকাভিত্তিক যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত তালিকাভুক্ত প্রতিটি পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, কৃষি ও দৈনন্দিন জীবনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে সংশ্লিষ্টরা জানান।
সিআরএস, কেফোর্ড ও কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।