মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম গাংকুল দক্ষিণভাগের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম গোলাম মুহিব চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পশ্চিম গাংকুলস্থ রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
ফোরামের লাইফ মেম্বার হাফেজ খলিলুর রহমান শাহীনের সঞ্চালনায় মরহুম গোলাম মুহিব চৌধুরীর কর্মময় জীবন ও সমাজে তার অবদানের ওপর আলোচনা করেন জুড়ী টিএন খানম সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, ফুলতলা শাহনিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য রনজিৎ কুমার পাল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুর রব, মরহুমের ছেলে আহমেদ মুবাশ্বির চৌধুরী, সিনিয়র শিক্ষক বদরুল হক, প্রভাষক মাইদুল ইসলাম, ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন, ডা. আজির উদ্দিন ও মিসবাহ উদ্দিনসহ অনেকে।
বক্তারা মরহুম গোলাম মুহিব চৌধুরীর দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গাংকুল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী।