হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পূর্ববিরোধের জেরে এক পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বুধবার রাতে কুর্শি গ্রামের মো. আব্দুস ছমেদ ও আবুল কালামসহ কয়েকজন হঠাৎ করে একই গ্রামের বাসিন্দা মো. লিয়াকত আলী (৫০), তার ভাই মো. শওকত আলী (৪৫) এবং লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪০)-এর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাদের রক্ষা করতে এগিয়ে এলে আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত শওকত আলী অভিযোগ করে বলেন, ছমেদ মিয়া বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এলাকায় তার কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় আমাদের পরিবারের পাঁচজন আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুস ছমেদ ও আবুল কালামের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।