শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাফল্যের স্বীকৃতি ও আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাতে তাহিরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হাওরাঞ্চলের প্রায় দেড় শতাধিক এ প্লাস ও এ গ্রেড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার সকাল ১১টায় তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি দিলশাদ মিয়ার সভাপতিত্বে এবং পরিষদের সেক্রেটারি মোঃ সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ভাইস প্রিন্সিপাল তোফায়েল আহমদ খান, তাহিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি যাচাই-বাছাই কমিটির শিক্ষানুরাগী সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, সুলেমাপুর শাহজালাল জামেয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ মাওলানা শামসুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে অর্জিত সাফল্যকে ধরে রেখে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই জীবনের মূল লক্ষ্য নয়, একজন শিক্ষার্থীকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সৎ, মানবিক, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষপর্বে তাহিরপুরের হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ও সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই সম্পর্কিত আরো