যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন উপস্থিত সকলে।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “জুলাই শহীদদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই আত্মত্যাগের চেতনাকে আমাদের হৃদয়ে লালন করতে হবে।” তিনি নতুন প্রজন্মের মাঝে জুলাইয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, এটি ছিল একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার। সেই শহীদদের রক্তের ঋন শোধ করতে হলে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
সমগ্র কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।