সিলেটের গোয়াইনঘাটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনছুর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ জুলাই) সকালে নির্যাতনের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মনছুর আলম উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা প্রয়াত এবং মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। মা প্রবাসী হওয়ায় শিশুটি তার এক আত্মীয়র বাড়িতে থেকে লেখাপড়া করতো। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম ওই শিশুকে ফুসলিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর তীব্র ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি গোপন রাখে। তবে পরবর্তীতে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যদের জেরার মুখে ঘটনার বিস্তারিত প্রকাশ করে। এরপরই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতার সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুরকে গ্রেপ্তার করেছে। মামলার নম্বর ১১/৬/৭/২০২৬। বর্তমানে শিশুটির ডাক্তারি পরীক্ষা ও মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"