সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিন দিন আগে বিপুল পরিমাণ বালু জব্দের পর এবার অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি স্টিল নৌকা ও দুইটি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (১০ জুন) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
অভিযান চলাকালে উপজেলার ডুলটিরপাড় এলাকার সাবড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্টিল নৌকা ও দুইটি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়। পরে শ্যালো ইঞ্জিন সহ নৌকাটি পানিতে ডুবিয়ে রাখা সহ স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়।
অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালিত হবে।"
উল্লেখ্য, গত তিন দিন আগে সিলেট জেলা প্রশাসন ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একই এলাকার অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যালো মেশিনের মাধ্যমে অবাধে বালু উত্তোলনের ফলে ডুলটিরপাড় ও চাতলারপাড় এলাকায় ফসলি জমি নদীভাঙন শুরু হয়েছে।
প্রশাসনের ঘন ঘন অভিযান পরিচালিত হলেও বালুখেকো চক্রের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, গত অভিযানে "জব্দকৃত বালুর প্রত্যাশিত মূল্য পাওয়া না যাওয়ায় দুই দিন আগে নির্ধারিত নিলাম স্থগিত করা হয়েছে। বর্তমানে জব্দ বালুর নিলাম সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।