আদালত ও উচ্চ শিক্ষাব্যবস্থাসহ সর্বস্তরে বাংলা ভাষা চালুর আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দলটির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য ভাষা আন্দোলন হয়েছিল। এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের প্রাণের ভাষা। অথচ ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও সরকারিভাবে সর্বস্তরে বাংলা ভাষা চর্চা শুরু হয়নি। আমাদের আদালত, শিক্ষাব্যবস্থা, গবেষণাসহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পুরোপুরি বাংলা ভাষা চর্চা শুরু হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। নিজস্ব মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ও গবেষণার কাজ করে আজকে উন্নত দেশগুলো সমৃদ্ধ হয়েছে। তাই হীনমন্যতা বাদ দিয়ে বাংলা ভাষা ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আদালত ও উচ্চ শিক্ষাব্যবস্থায় বাংলাকে বাধ্যতামূলক করতে হবে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশাহারা। মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় তাদের নাগালের বাইরে। প্রতিনিয়তই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এমতাবস্থায় সরকারের উচিত দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ে আসা।
মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান প্রমুখ।